হাইকোর্টের রায়

পা হারানো রাসেলকে আরও ২০ লাখ টাকা দেবে গ্রিন লাইন

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০২:১৬ এএম

রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে (২৩) আগামী তিন মাসের মধ্যে আরও ২০ লাখ টাকা দেবে গ্রিন লাইন কর্র্তৃপক্ষ। এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে গতকাল বৃহস্পতিবার এ রায় দেয় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ। টাকা দিতে গ্রিন লাইনের সম্মতির ভিত্তিতে আদালতের এ সিদ্ধান্ত আসে।

রাসেলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শামসুল হক রেজা। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাসার বলেন, ‘যেহেতু ২০ লাখ টাকা দেওয়া বিষয়ে গ্রিন লাইনের সম্মতির ভিত্তিতে রায় হয়েছে, তাই এর বিরুদ্ধে আপিল হলেও আপিলের কোনো কার্যকারিতা থাকবে না।’

রায়ের প্রতিক্রিয়ায় রাসেল সাংবাদিকদের বলেন, ‘মহামান্য হাইকোর্টের রায়ে আমাকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, সেটা দিয়ে আমার সন্তানদের মানুষের মতো মানুষ করার চেষ্টা করব। ১০০ কোটি টাকা দিলেও আমার পা কেউ এনে দিতে পারবে না। এখন ২০ লাখ টাকা দিয়ে যদি কৃত্রিম পা লাগাই, তাও আগের জীবনে ফিরে যেতে পারব না। আমি একটা জিনিসই বলব, যারা এ ধরনের বেপরোয়া ড্রাইভিং করেন, তারা সচেতন হোন। তাদের একটু ভুল, আগে যাওয়ার, ১০ টাকা বেশি কামাইয়ের চেষ্টা আরেকজনের জীবনকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। আমি চাই তারা সতর্ক হয়ে যেন রাস্তায় গাড়ি চালান।’ দুই বছর আগে ওই ঘটনার সময় রাসেল একটি বেসরকারি কোম্পানির প্রাইভেট কার চালাতেন।

২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র হানিফ ফ্লাইওভারের ধোলাইপাড় এলাকায় কাটাকাটির জেরে রাসেলের পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয় গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চালক কবির মিয়া। হাসপাতালে নেওয়ার পর রাসেলের বাম পা কেটে ফেলতে হয়। ওই দিনই চালক কবিরকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা হয়। গত বছরের ১৪ জানুয়ারি বিচারিক আদালত থেকে জামিন পান ওই বাসচালক।

এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে সংরক্ষিত আসনের সাবেক সাংসদ উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ১২ মার্চ হাইকোর্ট এক আদেশে রাসেলকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দিতে গ্রিন লাইনকে নির্দেশ দেয়। পরে একই বছরের ১০ এপ্রিল আদালতে রাসেলের হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেয় গ্রিন লাইন কর্র্তৃপক্ষ। একই বছরের ১৪ মে রাসেলকে কেন কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে না— এ মর্মে রুল জারি করে হাইকোর্ট। ২৫ জুন আদালত এক আদেশে বাকি ৪৫ লাখ টাকা প্রতি মাসের শুরুতে কিস্তিতে পরিশোধের নির্দেশ দেয়। এরপর গত ২৯ জুলাই আরও ৫ লাখ টাকার চেক দেয় গ্রিন লাইন। এ ছাড়া রাসেলের চিকিৎসায় আগেই প্রায় সাড়ে ৩ লাখ টাকা পরিবহন কর্র্তৃপক্ষ দেয় বলে জানানো হয়। এরই ধারাবাহিকতায় রুলের শুনানি শেষে এ রায়ের ফলে সব মিলিয়ে পা হারানো রাসেল পাচ্ছেন প্রায় সাড়ে ৩৩ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত