এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শনাক্ত

আপডেট : ০২ অক্টোবর ২০২০, ০২:১৭ এএম

দেশে করোনাভাইরাস সংক্রমণের নতুন রোগী শনাক্ত অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশে করোনা শনাক্তের ২০৮তম দিনে দেশে গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে। এদিন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদিন রোগী শনাক্তের হারও ছিল ঊর্ধ্বমুখী। আগের দিনের চেয়ে পরীক্ষা কম হলেও শনাক্ত বেশি হয়েছে। ১১ হাজার ৪২০ পরীক্ষায় ১৩ দশমিক ২০ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছে, যা গত ১২ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর ১৩ দশমিক ৩২ শতাংশ হারে রোগী শনাক্ত হয়েছিল। এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জন রোগী মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫ হাজার ২৭২ জনে দাঁড়াল। এদিন মৃতদের মধ্যে ১৬ জনই পুরুষ ও ১৪ জন ছিলেন ষাটোর্ধ্ব বয়সের।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে বর্তমানে ১০৮টি পরীক্ষাগারে করোনার পরীক্ষা চলমান। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত) ১১ হাজার ৪১০টি নমুনা সংগৃহীত হয়। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১১ হাজার ৪২০টি। এসব পরীক্ষায় ১ হাজার ৫০৮ জন নতুন রোগী শনাক্ত হয়। একই সময়ের মধ্যে আরও ২১ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫৯১ রোগী সুস্থ হয়েছে।

এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ১৯ লাখ ৫৯ হাজার ৭৫টি নমুনা পরীক্ষায় ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৫ হাজার ২৭২ এবং সুস্থ হয়েছে ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন। বাকিরা এখনো চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৮ দশমিক ৬৩ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৪ ও সুস্থতার হার ৭৫ দশমিক ৯১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৬ ও নারী ৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ১১ জন ঢাকা বিভাগের, ৫ জন রাজশাহী, ৩ জন চট্টগ্রাম এবং ২ জন রংপুর বিভাগের। মৃতদের মধ্যে ১৪ জন ষাটোর্ধ্ব বয়সী। বাকিদের মধ্যে ৫১-৬০ বছরের ৬ ও ৪১-৫০ বছরের ছিল ১ জন। হাসপাতালে মারা গেছে ১৮ ও বাড়িতে ৩ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৭৯ ও নারী ১ হাজার ১৯৩ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৭ দশমিক ৩৭ ও নারী ২২ দশমিক ৬৩ ভাগ। বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৬৪২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১ হাজার ৭৮, খুলনায় ৪৩৫, রাজশাহীতে ৩৫০, রংপুরে ২৩৯, সিলেটে ২৩১, বরিশালে ১৮৭ এবং ময়মনসিংহে সর্বনিম্ন ১১০ জন মারা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে আরও ১৫২ রোগীকে এবং কোয়ারেন্টাইনে ১ হাজার ৫৬ জনকে। বর্তমানে আইসোলেশনে ১৪ হাজার ৮৫৮ জন ও কোয়ারেন্টাইনে আছে ৪৩ হাজার ১৩০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে ৪৬ হাজার ৩৫৭টি কল এসেছে। সারা দেশে কভিড হাসপাতালগুলোতে সর্বমোট ১১ হাজার ৬৮৭টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ২ হাজার ৬৫৭টিতে। বাকি ৯ হাজার ৩০টি খালি ছিল। এছাড়া ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৬৫টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত