হর্ষ, ফুল ফোটাব, ফাগুন আসছে, জল জোছনা, পোকা, আমারে দিয়া দিলাম তোমারে, মৃত জোনাকিসহ বেশ ক’টি মিউজিক ভিডিও প্রকাশ করে আলোচনায় আসেন সাব্বির নাসির। তার নতুন ভিডিওর নাম ‘তুমি দমে দম’। গত বৃহস্পতিবার নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন সাব্বির নাসির। এ প্রসঙ্গে বলেন, চেষ্টা করেছি গানের ভাবকে অনুসরণ করে আত্মার জগতে প্রবেশ করতে।
পাহাড়-ঝরনায় ঘেরা বান্দরবানের দারুণ কিছু লোকেশনে গানটি চিত্রায়িত হয়েছে। নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। সাব্বির নাসিরের পাশাপাশি মডেল হিসেবে আছেন বন্নি ও ইভান। গানটি লিখেছেন ও সুর করেছেন ওমর ফারুক বিশাল। সংগীতায়োজন করেছেন জাহিদ নীরব।
গায়ক সাব্বির নাসির বলেন, ‘এর আগে বিশালের লেখা একটি গান (আমারে দিয়া দিলাম তোমারে) গেয়ে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তাই আবারও আমরা এক হলাম নতুন গান নিয়ে। নীরব খুব সুন্দর সংগীতায়োজন করেছেন। চেষ্টা করেছি গানের ভাবকে অনুসরণ করে আত্মার জগতে প্রবেশ করতে।’
