আ.লীগ-বিএনপির মেরুদন্ড নেই : জাফরুল্লাহ চৌধুরী

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০৪:২১ এএম

রাজপথের বিরোধী দল বিএনপিকে আবারও রাস্তায় নামার আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপি করোনায় আক্রান্ত, মাঠে নামার মেরুদন্ড তাদের নেই। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ধর্ষণের বিরুদ্ধে গণতন্ত্র ফোরাম নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

জাফরুল্লাহ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগও করোনায় আক্রান্ত। সরকার ও বিএনপি উভয়েই বর্তমানে করোনায় আক্রান্ত। সরকার করোনায় আক্রান্ত ধর্ষণ আর দুর্নীতিতে। আর বিএনপি করোনায় আক্রান্ত মাজাভাঙা রাজনীতিতে। এই করোনা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। বিএনপি এতটাই করোনাগ্রস্ত যে তারা রাস্তায় নামতে পারে না। বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই আমাদের জাতি চরম দুর্দশায় আছে। এ থেকে মুক্তির একটাই পথ আমি দেখি আমাদের সবাইকে রাস্তায় নামতে হবে। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ারও আহ্বান জানান।

তিনি বলেন, দেশে যেভাবে ধর্ষণ আর গণধর্ষণ করছে ছাত্রলীগের ছেলেরা, তাতে এ দেশের মা-বোনেরা আর শান্তিতে থাকতে পারছে না। কোথাও শান্তিতে বের হবে, তারও উপায়  নেই। অন্যদিকে দুর্নীতি যেভাবে ছড়িয়েছে তাতেও সাধারণ মানুষের আর বাঁচার উপায় নেই। দেশে সুশাসন থাকলে ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশে এভাবে ধর্ষণ-গণধর্ষণের মহোৎসব চালাতে পারত না বলেও দাবি করেন জাফরুল্লাহ।

সরকার প্রধানের উদ্দেশে তিনি বলেন, এনাফ ইজ এনাফ। আর না। এবার ক্ষমতা ছাড়েন। অনেক হয়েছে। এভাবে দেশ চলতে পারে না। কোথাও কেউ শান্তিতে নেই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মূলত বঙ্গবন্ধুকেই অপমান করেছে সরকার। কারণ বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষমতা সব সময় জনগণের হাতে ন্যস্ত থাকবে। বঙ্গবন্ধু শোষণহীন সমাজব্যবস্থার জন্য লড়াই করেছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ টেনে ডা. জাফরুল্লাহ বলেন,  পেঁয়াজ নিয়ে তেলেসমাতি খেলছে সরকার। আগেই ব্যবস্থা নিলে এ রকম পেঁয়াজকান্ড হতো না। ভারতনীতি পরিহার করতে হবে। নিজের উৎপাদন বাড়ানো এবং অন্যান্য দেশের  পেঁয়াজ আনতে হবে। তাহলে ভারতও বাংলাদেশকে নিয়ে এভাবে খেলতে পারবে না।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি আলহাজ খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল  হোসেন সিরাজীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সদস্য আবদুস সালাম, তাঁতী দলের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত