ফারহান-জোয়া নেশা করলে যা বলতেন বাবা

আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০১:০৪ পিএম

ছেলে ফারহান আখতার কিংবা মেয়ে জোয়া আখতার যদি গাঁজার নেশা করতেন, তাহলে তাদের কী বলতেন? সম্প্রতি এমনই প্রশ্ন করা হয় জাভেদ আখতারকে।

যার উত্তরে বিখ্যাত বলিউডের গীতিকবি জানান, ফারহান বা জোয়া যদি গাঁজার নেশা করতেন, তাহলে তাদের না করতেন। নেশা শরীরের জন্য ভালো নয়। তাই না করতেন।

বাবার কথা যদি ফারহান বা জোয়া শুনতেন? ভালো কথা। না শুনলে ভাবতেন, ওরা বড় হয়েছে, তাই যেটা ভালো বুঝবেন তাই করবেন— এ কথাও বললেন জাভেদ।

পাশাপাশি জাভেদ বলেন, ১৯৯১ সাল থেকে মদ্যপান ছেড়েছেন। তার আগে প্রায় প্রত্যেকদিনই মদ্যপান করতেন। আসক্তি ছাড়ার পর থেকে একদিনের জন্যও কখনো মদ্যপান করেননি।

আরও বলেন, গাঁজা কিংবা অন্য নেশার দ্রব্য প্রায়শই বিভিন্ন কলেজ ও অন্যান্য জায়গার বাইরে দেখতে পাওয়া যায়। এগুলো সাধারণ বিষয় বর্তমান সমাজে। তবে গাঁজার নেশা করে কেউ কখনো কাউকে খুন করেছে বলে শোনেননি বলেও মন্তব্য জাভেদের।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক সপ্তাহ পর রিয়া চক্রবর্তীকে প্রথম বাড়ির বাইরে বের হতে দেখা যায়। ফারহানের বান্ধবী শিবানী দান্ডেকরের সঙ্গে আখতার বাড়িতেই হাজির হন তিনি। যা নিয়ে পরে প্রশ্ন তোলেন কঙ্গনা রনৌত।

সম্প্রতি ভারতের সাধারণ নাগরিকদের সমস্যার দিকে নজর না দিয়ে বলিউড তারকাদের অন্দরমহল নিয়ে মিডিয়ার মনোযোগে বিরক্তি প্রকাশ করেন জাভেদ আখতার।

মাদক মামলায় একের পর এক প্রথম সারির তারকার নাম উঠে আসছে জিজ্ঞাসাবাদে। নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র সমনে হাজিরা দেন দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং ও সারা আলী খান।

কিছুদিন আগে করণ জোহরের বাড়ির পার্টির পুরোনো ভিডিও নিয়ে সংবাদমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রসঙ্গে মিডিয়াকে কটাক্ষ করলেন জাভেদ আখতার। তার মতে, বিতর্কিত কৃষি বিলের মতো বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে সব মিডিয়া এখন ব্যস্ত হয়ে পড়েছে এক বছর আগে করণ জোহরের অন্দরমহলে পার্টিতে ঠিক কী হয়েছিল তা জানতে।

টুইটারে লেখেন, “করণ জোহর যদি তার পার্টিতে কয়েকজন কৃষককে আমন্ত্রণ জানাতেন, তাহলে টিভি চ্যানেলগুলোর কাজ খানিকটা হলেও সহজ হয়ে যেতো। তাদের কৃষক আন্দোলন এবং করণের পার্টির মধ্যে কোনো একটিকে বেছে নিতে হতো না। এখন তো দেখে মনে হচ্ছে করণের বাড়ির পার্টিই সব চ্যানেলের কাছে বেশি প্রিয় হয়ে উঠেছে।”

সম্ভবত জাভেদ আখতারের সেই টুইটকে সামনে রেখেই সম্প্রতি ফারহান ও জোয়াকে নিয়ে প্রশ্ন তোলা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত