ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে দুই মনোনয়ন প্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রার্থীদের নাম ঘোষণা করবে বিএনপি। ধানের শীষের প্রার্থী চূড়ান্ত করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
শনিবার দলটির স্থায়ী কমিটির এক ভার্চুয়াল সভা শেষে দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন একাধিক স্থায়ী কমিটির সদস্য। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন তারেক রহমান।
স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় দৈনিকে তারেক রহমানের নামে বিদেশে বসে যে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তারা সমালোচনা করেছেন তারা। যার কোনো পাসপোর্ট নেই, ট্রাভেল পাস নেই সে কিভাবে বিদেশে গিয়ে অন্য কারও সঙ্গে বৈঠক করবেন? এ জাতীয় সংবাদ প্রকাশে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানানো হয়।
তারা বলেন, সভায় দলের পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। দ্রুত পুনর্গঠন কাজ শেষ করার তাগিদ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সভায় দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
ভার্চুয়াল সভায় তারেক রহমান ছাড়াও অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।
