বাফুফে নির্বাচনে বাজিমাত করেছেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান। সর্বোচ্চ ভোট পেয়ে বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
সহসভাপতি পদে চার পদের বিপরীতে প্রার্থী ছিলেন আটজন। ইমরুল হাসান কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ থেকে প্রার্থী হন। গেল ক’বছরে দেশের ফুটবলে সফল সংগঠক হিসেবে নিজেকে মেলে ধরা ইমরুলকে ফেভারিট ধরছিলেন অনেকে। ভোটেও পড়েছে তার প্রতিফলন। তিনি সর্বোচ্চ ৮৯ ভোট পেয়েছেন।
এদিকে সালাউদ্দিনের পরিষদ থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৮১ ভোট পেয়ে টানা চতুর্থবার সহসভাপতি হয়েছেন কাজী নাবিল আহমেদ।
তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে সহসভাপতি হয়েছেন আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি পেয়েছেন ৭৫ ভোট।
তবে চতুর্থ পদটির জন্য ভোটের লড়াই ‘টাই’ হয়েছে। গতবারের দুই সহ-সভাপতি তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ সমান ৬৫ ভোট পেয়েছেন। প্রথমজন স্বতন্ত্র ও দ্বিতীয়জন সালাউদ্দিন বিরোধী সমন্বয় পরিষদ থেকে নির্বাচন করেন। এ পদের জন্য আবার ভোটা হবে। ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে এই ভোট।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে টানা চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। দ্বিতীয় শীর্ষ পদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী। তিনিও ছিলেন সালাউদ্দিনের সম্মিলিত প্যানেলে।
