বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মজলিসে আমেলার এক জরুরি বৈঠকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান। একই বৈঠকে ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং মহাসচিব নির্বাচিত হন যথাক্রমে মাওলানা নূর হুসাইন কাসেমী ও মাওলানা মাহফুজুল হক। গতকাল শনিবার বেফাকের তরফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মজলিসে আমেলার এক জরুরি বৈঠকে ১ম অধিবেশনের সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস। এই অধিবেশনে বেফাকের সাবেক সভাপতি শায়খুল ইসলাম শাহ আহমদ শফীর (রহ.) ইন্তেকালের পরিপ্রেক্ষিতে এই পদটি শূন্য হওয়ায় মাওলানা মাহমুদুল হাসান ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরপর মাহমুদুল হাসানের সভাপতিত্বে ২য় অধিবেশনে ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ও মহাসচিব পদ থেকে মাওলানা আব্দুল কুদ্দুস পদত্যাগ করায় মাওলানা নূর হুসাইন কাসেমী ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ সহসভাপতি এবং মাওলানা মাহফুজুল হক ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হন।
বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা জুনায়েদ বাবুনগরী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।
