সড়ক আইন সংশোধনসহ ৯ দাবি

১২-১৩ অক্টোবর পণ্য পরিবহন ধর্মঘটের ডাক

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৪:২০ এএম

সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৯ দফা দাবিতে ১২ অক্টোবর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

গতকাল শনিবার নগরের শাহ আমানত সেতুসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সমন্বয় সভা থেকে সংগঠনটি এই ধর্মঘটের ডাক দেয়।

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক- শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটি সভাটি আয়োজন করে। এতে সংগঠনের কেন্দ্রীয় নেতা ওসমান আলী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলা নয়, ন্যায্য দাবি আদায়ে পণ্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন।

তিনি বলেন, ‘পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থের কথা বিবেচনা না করে সরকার সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করেছে। ফলে সারা দেশে পরিবহন সেক্টরে নৈরাজ্য চলছে। ৩১ ডিসেম্বরের মধ্যে এ আইন সংশোধনসহ পরিবহনে নৈরাজ্য ঠেকাতে ৯ দফা দাবি দেওয়া হয়েছে। দাবি আদায়ের অংশ হিসেবে ১২ ও ১৩ অক্টোবর পণ্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।’ তিনি আরও বলেন, ‘সব পরিবহন মালিক-শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও বেগবান করা হবে। দাবি আদায়ের জন্য ধাপে ধাপে ৯৬ ঘণ্টা এবং প্রয়োজনে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকা হবে।’

বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, সমন্বয় পরিষদের নেতা রুস্তম আলী, মো. তাজুল ইসলাম, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত