চলতি মাসের প্রায় ২০ দিনই বৃষ্টির সম্ভাবনা

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০৪:২১ এএম

বৃষ্টির মধ্য দিয়ে বিদায় নিয়েছে সেপ্টেম্বর। নতুন মাস ধঅক্টোবরে বৃষ্টির মাত্রা কিছুটা কমেছে। প্রথম তিনদিন কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনও তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, এ মাসে স্থানভেদে সর্বনিম্ন ১৪ দিন থেকে সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। ইতিমধ্যেই মাসের প্রথম দু’দিনের চেয়ে গতকাল শনিবার তৃতীয় দিন বৃষ্টি কিছুটা বেড়েছে। এদিন রাজধানীতেও হালকা বৃষ্টি হয়েছে এবং দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল। অধিদপ্তরের তথ্যমতে, আগামীকাল বৃষ্টি কিছুটা বাড়তে পারে এবং তা চলতি সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন গত রাতে দেশ রূপান্তরকে বলেন, আগামী ৭-৮ তারিখ পর্যন্ত বৃষ্টি পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এর মাঝে ৫ তারিখের (আগামীকাল) দিকে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়তে পারে। তিনি বলেন, স্বাভাবিকভাবেই অক্টোবরে বিচ্ছিন্ন আকারে কিছু বৃষ্টি হয়। সাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টি না হলে এ মাসে ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, গত সেপ্টেম্বর মাসে সারা দেশে গড়ে স্বাভাবিকের চেয়ে ৩৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। তবে রাজশাহীতে স্বাভাবিক, ঢাকা ও খুলনায় স্বাভাবিকের চেয়ে কম এবং বাকি বিভাগগুলোতে বেশি হয়েছে। অক্টোবরেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটে। এ বিভাগে চলতি মাসের ১৬-২০ দিন বৃষ্টি হতে পারে। এছাড়া বরিশালে ১৫-১৯ দিন, খুলনা, রংপুর ও ময়মনসিংহে ১৪-১৮ দিন, ঢাকা ও রাজশাহীতে ১৪-১৭ দিন এবং সর্বনিম্ন ১৩-১৫ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

গতকাল দেশে সব বিভাগেরই কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে। এছাড়া নোয়াখালীর মাইজদীকোর্টে ১৭, রাঙ্গামাটিতে ১৬ ও চাঁদপুরে ১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুতুবদিয়ায় ৩৫ দশমিক ৩ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল টেকনাফে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও বরিশালের অনেক জায়গায় ও অন্য বিভাগগুলোর কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত