স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে অপসারণসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ যুব মৈত্রী নামের একটি সংগঠন। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানায় তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনার থাবায় বিশ্ব বিপর্যস্ত ও স্থবির। এ সময়ে দেশে ও দেশের বাইরে ব্যাপকসংখ্যক যুবক চাকরি হারিয়ে চরম দুর্দশাগ্রস্ত। দেশে বেকার ১ কোটি ১৫ লাখের সঙ্গে করোনায় চাকরি হারিয়ে আরও ২০ লাখ যুক্ত হয়েছে। করোনায় আমাদের স্বাস্থ্য খাতের চিত্র জনগণের সামনে উন্মোচিত হয়েছে।
এ খাতের সর্বত্র ছিল অব্যবস্থাপনা, লুটপাট, সমন্বয়হীনতা, দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাটের মহোৎসব। স্বাস্থ্য খাতের এত ভয়াবহ অবস্থায় বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর পদে থাকার অধিকার নেই। এই ব্যর্থতার দায়ে তাকে অপসারণ করা উচিত।
তাদের অন্য দাবিগুলো হচ্ছে করোনা টেস্ট বাড়ানো ও বিনামূল্যে ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করা, কর্মহীন যুবকদের বেকার ভাতা ও রেশনিং ব্যবস্থা চালু করা। স্বাস্থ্য খাতসহ সব খাতের দুর্নীতির বিচার করা, ক্ষুদ্র উদ্যোক্তাদের সুদবিহীন ঋণ প্রদান, সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, করোনায় আর্থিক সুবিধা প্রদান করা, ইন্টারনেট ও কলচার্জ অর্ধেকে নামিয়ে আনা এবং মাদক ও সামাজিক নিরাপত্তাহীনতা রুখে দেওয়া।
মানববন্ধনে উপস্থিত ছিলেন যুব মৈত্রীর সভাপতি সাববা আলী খান কলিন্স, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ সানি, সহসভাপতি তৌহিদুর রহমান প্রমুখ।
