সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে পুরান ঢাকার বংশালে ভাইকে হত্যার অভিযোগ উঠেছে পালিত বোন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নিহতের নাম সাঈদ (৪৮)। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে গত ৩০ সেপ্টেম্বর বংশালের আবুল হাসনাত রোডে তাকে বেধড়ক মারধর করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বোন, ভগ্নিপতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বংশাল থানার ওসি শাহীন ফকির জানান, ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাঈদ। এ ঘটনায় পুলিশ হাসিনা, তার স্বামী মামুন, ছেলে আহাদ ও আহাদের বন্ধু রনিসহ ৫ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে নিহতের ভাই লতিফুর রহমান বাদী হয়ে মামলা করেন। গতকাল ওই মামলায় তাদের আদালতে পাঠানো হলে হাসিনা, মামুন, আহাদ ও রনি খুনের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
