আইসোলেশনে জুভেন্তাসের সব খেলোয়াড়

আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ০২:১০ পিএম

দলের সঙ্গে সম্পৃক্ত দুই স্টাফের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় জুভেন্তাসের শীর্ষ দলের সব খেলোয়াড়কে আইসোলেশনে রাখা হয়েছে। তবে নাপোলির বিপক্ষে ম্যাচটি আয়োজনের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনেনি ক্লাবটি।

নিজেদের মাঠে রোববারই সেরি আর ম্যাচে নাপোলির সঙ্গে মুখোমুখি হওয়ার কথা লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

জুভেন্তাস জানিয়েছে, যে দুজন করোনায় আক্রান্ত হয়েছে তাদের কেউ খেলোয়াড় বা টেকনিক্যাল বা মেডিকেল দলের সদস্য নয়।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, প্রটোকল অনুযায়ী যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তারা তাদের প্রতিদিনকার অনুশীলন ও ম্যাচ কার্যক্রম চালিয়ে যাবে। তবে তারা গ্রুপের বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে পারবে না।

পৃথক এক বিবৃতিতে জুভেন্তাস জানিয়েছে, রোববার নাপোলির বিপক্ষে সেরি আ’র ম্যাচটি আয়োজন করবে তারা। তবে ইতালিয়ান সংবাদ সংস্থাগুলোতে খবর, দলের মধ্যে করোনা সংক্রমণ রোধে নাপোলিকে তুরিনে সফরে না আসতে মানা করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত