জুভেন্তাস-নাপোলির রবিবার সিরি আ’র ম্যাচ নিয়ে ছিল বাড়তি উত্তেজনা। কারণ সাম্প্রতিক সময়ে দুদলের লড়াইটা হয় জমজমাট। দুদলের কোচের কারণেও এবার ম্যাচটি হয়ে উঠেছিল মুখরোচক আলোচনার বিষয়। জুভ কোচ আন্দ্রেয়া পিরলো এবং নাপোলির কোচ জেন্নারো গাত্তুসো একই সময়কার খেলোয়াড়। তাই কোচের ভূমিকায় কে এগিয়ে যায় তা দেখার অপেক্ষায় ছিল ফুটবল সমর্থকরা। তবে তাতে বাদ সাধে করোনা ভাইরাস। খবর আসে জুভেন্তাসের দুজন স্টাফ করোনা পজিটিভ। তবে খেলোয়াড় বা মেডিকেল স্টাফ, টেকনিক্যাল স্টাফের কেউ করোনা আক্রান্ত হননি। তাই ম্যাচটি আয়োজন করতে চায় জুভেন্তাস। পরবর্তী সময়ে জানা যায় নাপোলির দুই খেলোয়াড়ও করোনা পজিটিভ হয়েছেন। এমন অবস্থায় পুরো দলকে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়। ফলে ম্যাচটি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। ইএসপিএন এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নাপোলির মিডফিল্ডার পিওতর জিয়েলিনস্কি ও মেসিডোনিয়ার মিডফিল্ডার এলিফ এলমাস আক্রান্ত হয়েছেন। তাই আইসোলেশনে রাখা হয়েছে পুরো স্কোয়াডকে। তার আগে সতর্কতামূলকভাবে আইসোলেশনে রাখা হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোদেরও। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত জুভেন্তাস কিংবা সিরি’আ কর্র্তৃপক্ষ কোনো ধরনের অফিশিয়াল সিদ্ধান্তের কথা জানায়নি। যদি ম্যাচটি শেষ পর্যন্ত স্থগিত না করে সিরি’আ কর্র্তৃপক্ষ এবং নাপোলি মাঠে উপস্থিত না থাকে সে ক্ষেত্রে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হবে জুভেন্তাসকে। উয়েফার নিয়মে বলা আছে গোলকিপারসহ স্কোয়াডের মোট ১৩ জন খেলোয়াড় সুস্থ থাকলেই ম্যাচ খেলার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে ক্লাব। নাপোলি আশা করছিল ম্যাচ যেন পিছিয়ে নেয় লিগ কর্তৃপক্ষ।
আতালান্তা শীর্ষে : এদিকে ক্যালিয়ারিকে ৫-২ গোলে হারিয়ে সিরি আ’র শীর্ষে উঠেছে আতালান্তা। তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট তাদের। প্রথমার্ধেই হয় পাঁচ গোল, যার চারটিই আতালান্তার। রবিবার লাৎসিওর সঙ্গে ১-১ গোলে ড্র করে ইন্তার মিলান।
