টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন চাইছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। নিজের সেই ইচ্ছের কথা টুইটারে জানিয়ে তার সময়ের এক ঝাঁক তারকাকে ট্যাগও করেছেন।
যে তালিকায় রয়েছেন- ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি, শচিন টেন্ডুলকার, ব্রায়ান লারার মতো নাম।
ওয়ার্ন যে তিনটি পরিবর্তনের কথা বলছেন তার মধ্যে প্রথম হলো- ‘প্রতিটি ভেন্যুতে ছোট-বড় সব ধরনের মাঠেই ঘাস দিয়ে আউটফিল্ড ঘিরে রাখ।’
এরপর দ্বিতীয় পরিবর্তনের কথা বলে শেন ওয়ার্ন লিখছেন, ‘বোলারদের দিয়ে সর্বোচ্চ চার নয়, পাঁচ ওভার করে বল করাতে হবে।’
এরপরই শেন ওয়ার্ন পিচ প্রসঙ্গে এসেই তৃতীয় পরিবর্তনের কথা বলছেন। তার কথায়, ‘পিচকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিচার করা উচিত। আর যতটা সম্ভব পিচ ফ্ল্যাট না করা যায়। কারণ আমরা ব্যাট আর বলের খেলা দেখতে আগ্রহী। ছক্কার নয়!’
এই টুইট করার কিছুক্ষণ পরই শেন ওয়ার্ন ‘আমার এই প্রস্তাব কি তোমাদের পছন্দ’ লিখে প্রশ্নচিহ্ন ছুড়ে দিয়েছেন সাবেক ক্রিকেটারদের দিকে। সৌরভ, শচিন, লারা তো হয়েছেনই। এ ছাড়াও শেন ওয়ার্ন ট্যাগ করেছেন সাবেক ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসন থেকে শুরু করে মাইক আথারটনকে।
তবে ওয়ার্নের এই প্রশ্নের উত্তর এখনো তারকা ক্রিকেটারদের কেউই দেননি। যদিও ওয়ার্নের সাবেক সতীর্থ মার্ক ওয়াহ তার প্রস্তাবে সহমত জানিয়ে বলছেন, ‘এবার থেকে লেগ বাই-কেও ডেড বল হিসেবে গণ্য করা উচিত।’
