দুর্গাপূজায় মন্ডপ কমানোর অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০২:১৫ এএম

করোনা মহামারীর কারণে আসন্ন দুর্গাপূজায় মণ্ডপ সংখ্যা যথাসম্ভব সীমিত রাখার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এ অনুরোধ জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, সচিব, সুরক্ষা সেবা বিভাগ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, কোস্টগার্ডের মহাপরিচালক, আনসার ও ভিডিপি, বিজিবি, র‌্যাব, এনএসআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা করা যাবে না। একই সঙ্গে মণ্ডপে প্রবেশের সময় শারীরিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সব স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।’ সভায় নেওয়া সিদ্ধান্তগুলো হচ্ছে পূজামন্ডপে প্রবেশের সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে, হাত ধোয়া ও স্যানিটাইজার, মাস্ক বাধ্যতামূলক করতে হবে, পূজামন্ডপ সংখ্যা সীমিত রাখার বিষয়ে হিন্দু ধর্মীয় নেতারা ব্যবস্থা নেবেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোবাইল ডিউটিতে থাকবেন। জনসমাগম কমানোর জন্য অঞ্জলি প্রদান অনুষ্ঠান টিভি চ্যানেলে লাইভ প্রচারের জন্য পূজা উদ্যাপন কমিটি ব্যবস্থা নেবে, প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা করা যাবে না, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে অনুষ্ঠান করতে হবে, জনসমাগম সীমিতকরণসহ অন্যান্য নির্দেশনাবলি মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে, করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে প্রধানমন্ত্রীর সতর্কতার বিষয়ে পূজা কমিটি দায়িত্ব নেবে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় পূজাম-প কমিটি ৯৯৯ সেবা নিতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত