ভারতীয় বাংলা সিনেমার সোনালি যুগের গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর আর নেই। বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, ম্যাসিভ হার্ট অ্যাটাকে রবিবার মধ্য রাতে মৃত্যু হয় তার।
দীর্ঘদিন ধরেই শক্তি ঠাকুর বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।
স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার ভোরে শেষকৃত্য সম্পন্ন হয়েছে প্রয়াতের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮।
শক্তি ঠাকুরের ছোট মেয়ে মোনালি ঠাকুরও বাংলা ও হিন্দি গানের জগতে উজ্জ্বল নাম। তিনি করোনা পরিস্থিতিতে আটকে পড়েছেন সুইজারল্যান্ডে।
বাবার মৃত্যুতে ভেঙে পড়েন বড় মেয়ে। মেহুলি ফেসবুকে লেখেন, ‘‘আমার বাবা… আর নেই… নেই… ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট… কয়েক ঘণ্টার মধ্যেই চলে গেল… আমার বাবা… কিচ্ছু করতে পারলাম না…।’’
সোমবার সকালে তিনি জানান, ‘‘আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাবা মায়েরা একদিন চলে যায়। জীবনে কোনো দিনও শ্মশানে আসিনি, আজ সবই জীবনে প্রথমবার। বাবা ছাড়া আজ থেকে নতুন জীবন। তুমি কি কোনো দিনও কোনো পাপ করোনি বাবা? নইলে এভাবে দু’ঘণ্টার মধ্যে কে চলে যায়? ‘ধুর আর ভাল্লাগছেনা’ বলে চলে গেলে। সবকিছুতেই তাড়াহুড়োর জন্য কত বকাবকি করতাম। আজ চলে যাওয়ার সময়ও এমন অদ্ভুত তাড়াহুড়ো কে করে বাবা? আমি তো তোমার কার্বন কপি, আমিও তোমারই মতো তাড়াহুড়ো করে চলে যাব দেখো। কষ্টটা লিখে ফেলতে পারলে বোধ হয় নিঃশ্বাস নিতে পারতাম।’’
একাধিক বাংলা সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্লেব্যাকও করেছিলেন শক্তি ঠাকুর। উৎপল দত্ত ও বিকাশ রায়ের মতো স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি।
