দোষীরা শাস্তি পাচ্ছে না বলেই নারী নির্যাতনের পুনরাবৃত্তি: মির্জা ফখরুল

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১১:২১ পিএম

নারী ও শিশুদের ওপর অত্যাচার ও নির্যাতনকারীরা মানুষ নামের কলঙ্ক ও এরা বন্য পশুর চেয়েও নিকৃষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দোষীরা যথোপযুক্ত শাস্তি পাচ্ছে না বলেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে তারা আরও বেশি উৎসাহিত হচ্ছে।

সোমবার এক বিবৃতিতে নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এসব কথা বলেন। এ ধরনের পৈশাচিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশে আইন-কানুনের বালাই নেই বলেই গুম-খুন-অপহরণ ও বিচারবহির্ভূত হত্যা চলছে। পাশাপাশি সরকারদলীয় সন্ত্রাসীদের দ্বারা নারী ও শিশু নির্যাতনের যেন মহোৎসব শুরু হয়েছে। নারী ও শিশু নির্যাতন যে এখন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে, তা প্রতিদিন পত্রিকার পাতা খুললেই বোঝা যায়।

বিএনপি মহাসচিব বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে সংঘটিত নারীর ওপর মানুষ নামের পশুদের দ্বারা বর্বরোচিত হামলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেখে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। দেশবাসী আশা করে এই অমানুষদের নজিরবিহীন শাস্তি হোক।

বিবৃতিতে এই নির্যাতনের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে এ ঘটনায় ভুক্তভোগী নারী ও তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত