দীপিকার দুঃসময়ে সিদ্ধার্থের ক্ষোভ

আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১১:৫৪ পিএম

মাদককান্ডে জড়ানোর পর বলিউড ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা দীপিকা পাড়ুকোনের জীবন নিয়ে চর্চার শেষ নেই। তার এখন দুঃসময় যাচ্ছে। একের পর এক ব্র্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ফলোয়ার কমছে। এমন খারাপ সময়ের অপেক্ষাতেই যেন ছিলেন তার সাবেক প্রেমিক! অনেকেই জানেন, দীপিকার সাবেক প্রেমিক বলিউড অভিনেতা রণবীর কাপুর। কিন্তু খুব কম লোকেই জানেন, শিল্পপতি বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে একসময় প্রেম ছিল দীপিকার। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর দীপিকার জীবনে টাটকা বাতাসের মতো এসেছিলেন সিদ্ধার্থ। একসঙ্গে ডিনার ডেট থেকে আইপিএল ভিআইপি স্ট্যান্ডে আচমকাই দীপিকাকে জড়িয়ে ধরে সিদ্ধার্থের চুম্বন পাপারাজ্জির নজর এড়ায়নি। এই ‘লাভি ডাভি’ জুটির সম্পর্কের শেষটা কিন্তু ছিল তিক্ততায় ভরা। মুম্বাইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সম্পর্ক ভেঙে যাওয়ায় দীপিকা আঙুল তুলেছিলেন সিদ্ধার্থের দিকেই। এক সংবাদমাধ্যম থেকে জানা যায়, দীপিকা বলেছিলেন যত দিন যাচ্ছিল, ততই বদলে যাচ্ছিলেন সিদ্ধার্থ। মতের অমিল হচ্ছিল। তার কথায়, ‘রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম। খাওয়া-দাওয়ার পর সিদ্ধার্থ আমায় হঠাৎই টাকা মেটাতে বলে। ব্যস। ওই দিনই শেষ। সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসি আমি।’ যদিও সমানাধিকার নিয়ে বারবারই কথা তোলেন দীপিকা। এরপরই কেন এমনটা বলেছিলেন, তা নিয়েও হয়েছিল বিতর্ক।

এত দিন চুপ থাকলেও দীপিকার ওই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন সিদ্ধার্থ। মিডিয়ার সামনে সম্প্রতি দীপিকাকে ‘ক্রেজি উইমেন (অদ্ভুত মহিলা)’ বলে অভিহিত করে বলেন, ‘আমার কী খামতি ছিল, তা কোনো দিনই বুঝে উঠতে পারিনি। আমি বলেছিলাম বাবার যাবতীয় ঋণের বোঝা মিটে গেলে ওর সব টাকা আমি ফিরিয়ে দেব, কিন্তু ও সম্পর্কে থাকতে রাজিই ছিল না।’ সিদ্ধার্থ আরও বলেন, ‘দীপিকা হয়তো ভুলেই গিয়েছিল একসময় আমিই ওকে হীরার দামি গয়না, দামি ব্যাগ কিনে দিয়েছিলাম। ওর বন্ধুদের জন্য পার্টি, ফরেন ট্রিপ! কিছুই কি মনে নেই ওর?’

সিদ্ধার্থের পরপরই দীপিকার জীবনে আসেন অভিনেতা রণবীর সিং। ২০১৮ সালে তার গলাতেই মালা দেন দীপিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত