বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নৃশংস ভাবে হত্যার দিনটিকে স্বরণ করে তার ছোট ভাই আবরার ফাইয়াজ একটি পোস্ট শেয়ার করেছেন।
সোমবার নিজের ফেইসবুক প্রোফাইলে পোস্টটি শেয়ার করে ফাইয়াজ লিখেছেন, আজ সেই ৫ অক্টোবর। এদিন ৫.৩২এ দেওয়া পোস্টটিই ছিলো ভাইয়ার জীবনের শেষ পোস্ট। এটার জন্যই তাকে জীবন দিতে হয়।
ফেইসবুকে পোস্টটি শেয়ার করার ৬ ঘণ্টার মধ্যেই সেটি আবার ভাইরাল হয়ে পড়ে।
ফাইয়াজ লিখেছেন, আজ সেই পোস্টের ১ বছর। সেদিন বিকালে সোফায় বসেই আমাদের সামনেই পোস্টটি দিয়েছিলো। মাত্র একদিন পরেই হলে ফেরার সাথে সাথে পরিকল্পিতভাবে তাকে কত নৃশংস ভাবে হত্যা করা হয় তা সবাই ই দেখেছি...
ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডরে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি।
ওই ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।
অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারনামীয় ১৯ জন এবং তদন্তে প্রাপ্ত এজাহারবহির্ভূত ছয়জন রয়েছেন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৬ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন।

