মেসির প্রাইভেট জেটের যাত্রী সুয়ারেজ

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০২:৪৭ এএম

বিমানের গায়ে বড় হরফে লেখা ‘১০’, তার জার্সি নম্বর। বিমানের সিঁড়ির প্রতিটি ধাপে পরিবারের সদস্যদের নাম লেখা। আর ভেতরে চোখ ধাঁধিয়ে দেওয়ার তো বিলাসবহুল সব ব্যবস্থা। লিওনেল মেসির ব্যক্তিগত বিমান।

পরিবার নিয়ে বেড়ানো কিংবা পেশাগত কাজে দূরে কোথাও গেলে মেসি সাধারণত এই বিমান ব্যবহার করে থাকেন। এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে এই বিমানে পৌঁছেছেন আর্জেন্টিনায়। এবার পরিবারের কেউ নয়, তার সঙ্গী হয়েছেন সতীর্থ, বন্ধুরা। 

এদের মধ্যে আছেন- পাওলো দিবালা, লুকাস ওকাম্পোস, মার্কোস আকুনিয়া, নিকোলাস ওতামেন্দিরা। সঙ্গে ছিলেন এমন আরেকজন যার সঙ্গে আর্জেন্টিনার কোনো সম্পর্কই নেই লুইস সুয়ারেজ। আর্জেন্টিনা অধিনায়কের ঘনিষ্ঠ বন্ধুরও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। করোনার কারণে এখন ভ্রমণ খুব একটা সহজ নয়। বন্ধু মেসি তার যাত্রাটা সহজ করতেই হয়তো নিয়ে গেছেন নিজের বিমানে।

কোচ লিওনেল স্কালোনির অধীনে আজ থেকে অনুশীলন শুরু করবেন মেসিরা। আগামী শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে তাদের প্রথম প্রতিপক্ষ ইকুয়েডর। ১৪ অক্টোবর আরেক প্রতিপক্ষ বলিভিয়া। সুয়ারেজের উরুগুয়ের খেলাও একই তারিখে। তাদের প্রথম প্রতিপক্ষ চিলি, পরেরটি ইকুয়েডর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত