কক্সবাজারের উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। গতকাল রাত ৮টার দিকের এই ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরসি) অফিস সূত্র ৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।
দেশ রূপান্তরের কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এদের একজন মোহাম্মদ এবং অন্যজন গিয়াস উদ্দিন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র নতুন ও পুরাতন রোহিঙ্গাদের মধ্যে গত কয়েকদিন ধরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটছে। গতকাল ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ ও একজনকে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে।
তিনি জানান, ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
এদিকে উখিয়া থানার ওসি আহমেদ মঞ্জুর মোর্শেদ জানান, গত ৫ দিনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত আরও তিনজন নিহত হয়েছে। ওইসব ঘটনায় মঙ্গলবার পর্যন্ত উখিয়া থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত এক আসামি গ্রেপ্তার করেছে।
তিনি জানান, মঙ্গলবারের ঘটনার আগে র্যাব পৃথক অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। এ সময় ৪টি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি, ধারালো কিরিচ ও লোহার রড উদ্ধার করা হয়।
