চাঁপাইনবাবগঞ্জে দুজনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০১:৫৪ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদী ও শিবগঞ্জ উপজেলার কুমিরাদহ বিল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজন অজ্ঞাত।

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর-চামাভান্ডার গ্রামের মিজানুর রহমানের ছেলে মোজাহিদুল ইসলাম মোজাহিদ (১৮) রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন রাতে বন্ধুদের সঙ্গে কমিরাদহ বিলে যান তিনি। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এতে একজন আহত হন আর বিলে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন মোজাহিদ। বুধবার তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রামে মহানন্দা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, উদ্ধার যুবকের মরদেহের বুকে একটি ক্ষতচিহ্ন আছে। মরদেহ দেখে মনে হয়েছে ওই ব্যক্তি কয়েকদিন আগে মারা গেছেন।

উদ্ধার হওয়া দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত