পিরোজপুরে নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) কর্মরত প্রধান টেকনিশিয়ান চীনের নাগরিক লাওফা (৫৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কুমিরমারা এলাকায় তার ওপর হামলা ও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় পিরোজপুর হাসপাতালে আনা হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন জানান, চায়না নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে তাকে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে গিয়েছে। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, ঘটনার সময় লাওফা নির্মাণাধীন সেতুসংলগ্ন চায়না কর্মকর্তাদের আবাসিক ব্যারাক থেকে শ্রমিকদের টাকা দেওয়ার জন্য বাইসাইকেলে করে সেতুর কাজের স্থলে যাচ্ছিলেন।
হামলার ঘটনায় পুলিশ রাতে অভিযান চালিয়ে কুমিরমারা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।
