মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত আশীর্বাদ চলচ্চিত্রে কাজ করছেন মডেল সৌরভ ফারসী। প্রথম চলচ্চিত্রের অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে…
কী কী কাজ করছেন?
বর্তমানে খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ভাইয়ের আশীর্বাদ সিনেমার প্রথম লটের শুটিং শেষ করলাম। এবং আরও একটা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। আর দুইটা সিনেমায় কাজ নিয়ে কথা হচ্ছে। ফাইনাল হলে সব বিস্তারিত জানাব।
নতুন ছবিতে যুক্ত হওয়ার গল্প
মানিক ভাইয়ের সঙ্গে পরিচয় ২০১২ সালে। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক এবং খুব ভালো বোঝাপড়া। তিনি একদিন আমাকে তার বাসায় ডাকলেন এবং যখন আশীর্বাদ সিনেমার গল্প আমাকে বললেন, গল্প শুনে খুব ভালো লাগলো। অসাধারণ গল্প রাজি না হওয়ার কারণ ছিল না। ব্যাস হয়ে গেল। তা ছাড়া এইখানে আমার প্রোডিউসার জেনিফার আপুকেও ধন্যবাদ, আমাকে ভালো একটি গল্পে সুযোগ করে দেওয়ার জন্য।
কাজের অভিজ্ঞতা কেমন?
কাজের অভিজ্ঞতা বলতে গেলে বলতে হয়, শুরুর দিকে ভয়ে ছিলাম। কারণ এইখানে বড় দুজন তারকা মাহিয়া মাহী ও রোশানের সঙ্গে আমার কাজ করতে হয়েছে। যদিও প্রথম শটের পর সেই ভয় ভেঙে যায়। কারণ মাহী ও রোশান শুধু ভালো অভিনেত্রী বা অভিনেতা নয়, তারা কো-আর্টিস্ট হিসাবে অসাধারণ। তারা আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। যার ফলে আমার অভিনয় করতে খুব সহজ হয়েছে। আর মানিক ভাইকে নিয়ে নতুন করে বলার কিছু নাই। অসাধারণ একজন মানুষ ও অসাধারণ পরিচালক। তিনি ধরে ধরে কাজ করেন এবং খুব সুন্দর করে সিকোয়েন্স বুঝিয়ে দেন।
কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে?
আমি ২০০৮ সালে ঢাকায় আসি অভিনেতা হওয়ার জন্য। প্রথম দিকে এই পেশা আমার পরিবার মেনে নেয়নি। তাই এক দিকে পড়াশোনা অন্যদিকে অভিনয় চালিয়ে যাওয়া আমার জন্য খুব কঠিন হয়ে পড়ে। এর মধ্যে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। যার ফলে আমার অনেক যুদ্ধ করতে হয়েছে ঢাকায় টিকে থাকার জন্য। তারপরও আমি হাল ছেড়ে দিইনি। যার ফলাফল এখন আমি পাচ্ছি। যদিও শেষ অবধি আমার পরিবার সব মেনে নিয়েছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা কি?
ভবিষ্যৎ পরিকল্পনা অভিনয় নিয়েই। আমি নায়ক রাজ রাজ্জাক স্যারের মতো একজন অভিনেতা হতে চাই।
