সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক

সিঙ্গাপুর থেকে ২ লাখ টন সার আমদানি করবে সরকার

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০১:২৩ এএম

কৃষি উৎপাদন নিশ্চিত করতে দুই লাখ টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে সরকার। সিঙ্গাপুর থেকে এ সার আমদানি করা হবে। চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে আসবে এ সার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় গতকাল বৃহস্পতিবার কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাকের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, সিঙ্গাপুরের সিএনএএমপিজিসি সিঙ্গাপুর পিটিই লিমিটেড কোম্পানি থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে এক লাখ টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৩ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার টাকা।

তিনি বলেন, এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে এক লাখ টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার মোংলা বন্দরের মাধ্যমে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৫ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ১৫০ টাকা। এ এক লাখ সারের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো হলো জেনট্রেড এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট : দেশ ট্রেডিং করপোরেশন, ঢাকা); এগ্রিফার্ট লিভেন ইন্টারন্যাশনাল পিটিই লি., সিঙ্গাপুর (স্থানীয় এজেন্ট : এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইনপুট, ঢাকা); আরিস ফার্টিলাইজারস গ্রুপ পিটিই লি., সিঙ্গাপুর (স্থানীয় এজেন্ট : পোটন ট্রেডার্স, ঢাকা)।

কমিটির বৈঠকে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেডের (বিওজিসিএল) অধীন বসুন্ধরা বিটুমিন/অ্যাসফল্ট প্রোডাকশন প্ল্যান্টের টেস্ট রানের জন্য জি-টু-জি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশনের মাধ্যমে ৬৫ হাজার টন বিটুমিনাস ক্রুড অয়েল আমদানির প্রিমিয়াম ও মূল্য (রেফারেন্স প্রাইস অনুযায়ী) বিবেচনা ও অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১৯৬ কোটি ৫২ লাখ টাকা।

বৈঠকে ভোলায় অবস্থিত সাড়ে ৩৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ভেঞ্চার এনার্জি রিসোর্সেস লিমিটেডের গ্যাসচালিত ভাড়া বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ দুই বছর বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দুই বছরে এ বিদ্যুৎকেন্দ্রে থেকে বিদ্যুৎ কেনায় সরকারে খরচ হবে ১৪৭ কোটি ৯৫ লাখ ২৮ হাজার টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত