ঢাকায় ফরেন কমার্শিয়াল সার্ভিস অফিস খুলছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০১:২৪ এএম

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় ফরেন কমার্শিয়াল সার্ভিস অফিস খুলছে যুক্তরাষ্ট্র। গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অর্থনৈতিক অংশীদারত্ব বিষয়ে ভার্চুয়াল বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি কিথ ক্র্যাখ। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলছে, নতুন অর্থনৈতিক কর্মকা- সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ) ও দেশটির এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ও চুক্তির জন্য উপযোগী পরিবেশ তৈরি হতে পারে। ঢাকায় প্রস্তাবিত যুক্তরাষ্ট্রের বৈদেশিক বাণিজ্যিক সেবা অফিস খোলার আগ্রহকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, শুল্ক প্রশাসন, কৃষি এবং অন্যান্য বাণিজ্য খাতে ঝুঁকি ব্যবস্থাপনা, আঞ্চলিক সংযোগ এবং বাণিজ্যনীতি ও কর্মপদ্ধতি বিষয়ে সচেতনতা ও স্বচ্ছতাসহ বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশকে আরও উন্নত করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এমন একটি ইউএসএআইডি প্রকল্প চলমান রাখায় যুক্তরাষ্ট্রকে সাধুবাদ জানায় ঢাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত