কর্মীদের স্বাস্থ্য সনদ নেই

বাফেট স্টোরিজকে লাখ টাকা জরিমানা

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০১:২৫ এএম

হালনাগাদ লাইসেন্স ও কর্মচারীদের স্বাস্থ্য সনদ ছাড়াই ব্যবসা করার অপরাধে রাজধানীর ধানমন্ডির বাফেট স্টোরিজ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জারিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ধানমন্ডি-২ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে এ জরিমানা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএফএসএর নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল। বিএফএসএ জানায়, বৃহস্পতিবার ধানমন্ডি-২ রোড সংলগ্ন এলাকায় অবস্থিত বাফেট স্টোরিজ রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে রান্নাঘর পরিদর্শন করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেফটি কার্যক্রম জোরদারকল্পে জরুরি ভিত্তিতে অধিকতর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ হালনাগাদ লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, আবশ্যকীয় ক্রয়-বিক্রয় চালান কপিসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিধান লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মিজানুর রহমানসহ ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত