তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০১:৫৯ এএম

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে গাজীপুরে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারান তিন পোশাক শ্রমিক। খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনা নিহত হন নারীসহ আরও চারজন। এছাড়া জয়পুরহাটের পাঁচবিবিতে পিকআপের ধাক্কায় এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর

খুলনা : গতকাল বৃহস্পতিবার খুলনার ডুমুরিয়া উপজেলার শহীদ স্মৃতি মহিলা কলেজের সামনে ও জিলেরডাঙ্গা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মাহিন্দ্র চালক ডুমুরিয়া উপজেলা সদরের আরাজি সাজিয়াড়া গ্রামের আমিনুল ইসলাম (৫৫), সাহস গ্রামের আবদুল খাদেম শেখের ছেলে মিজানুর রহমান (৫৫), কোমলপুর গ্রামের নাজির মোল্লার স্ত্রী হালিমা বেগম (৫৫) এবং যশোরের কেশবপুর উপজেলার খোর্দ গ্রামের নওশের আলী দফাদারের ছেলে হাবিবুর রহমান (৪০)। খর্নিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ রেজাউল ইসলাম জানান, সকাল ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি মাহিন্দ্র ডুমুরিয়া উপজেলা সদরের শহীদ স্মৃতি মহিলা কলেজের সামনে যাত্রী নামাচ্ছিল। এ সময় সাতক্ষীরা থেকে আসা দ্রুতগামী হাওলাদার পরিবহনের একটি বাস মাহিন্দ্রকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রচালক আমিনুল মারা যান। মাহিন্দ্রযাত্রী ডুমুরিয়ার সাহস গ্রামের মিজানুর রহমান, মিকশিমিল গ্রামের হাবিবুর রহমান ও তার স্ত্রী সুমি আক্তার, জিয়ালতলা গ্রামের পলি রায় ও দাকোপ উপজেলার বাসন্তী রানী, কেশবপুর উপজেলার খোর্দ গ্রামের হাবিবুর রহমান আহত হন। উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহস গ্রামের মিজানুর ও কেশবপুর উপজেলার খোর্দ গ্রামের হাবিবুর। অপদিকে দুপুর দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা নামক স্থানে সাতক্ষীরাগামী একটি বাসের ধাক্কায় হালিমা বেগম নামে একটি ভ্যানযাত্রী নিহত হন। এ সময় আহত হন ভ্যানচালক শফিকুল ইসলাম। শফিকুল খুমেক হাসপাতালে চিকিৎসাধীন।

গাজীপুর : গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেনÑটাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বামনহাটা এলাকার গাজীয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন (২৬) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার কালাগোনা এলাকার আবদুস সামাদের ছেলে হারুনুর রশিদ (৫০) এবং চট্টগ্রামের হালিশহর থানার মৃত ফজলুল হকের ছেলে মোস্তফা মমিন (৩০)। বাসন থানার এসআই মো. সাখাওয়াত হোসেন জানান, নগরীর গাছা এলাকার মেট্রিক্স সোয়েটার কারখানায় চাকরি করতেন আনোয়ার হোসেন। গতকাল সকালে আউটপাড়া এলাকার বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে কারখানায় যাচ্ছিলেন তিনি। পথে সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মহাসড়কের ওপর ছিটকে পড়ে একই গাড়ির চাকায় পিষ্ট হন তিনি। এদিকে কাশিমপুর থানার ওসি মাহবুবে খুদা জানান, শ্রীরামপুর এলাকা থেকে স্থানীয় রেডিয়ান পোশাক কারখানায় চাকরি করতেন হারুনুর রশিদ। নাইট ডিউটি শেষে সকাল ৬টার দিকে তিনি বাসায় ফিরছিলেন। পথে জিরানী মোড় এলাকার আইরিশ কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এছাড়া গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালক মোস্তফা মমিন নিহত হন। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জয়পুরহাট : পাঁচবিবিতে পিকআপের ধাক্কায় নাহিদ হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি-ডুগডুগি সড়কের মোলান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নাহিদের স্ত্রী আকলিমা বেগম গুরুতর আহত হন। নাহিদ পাঁচবিবি উপজেলার বারোকান্দ্রী গ্রামের আলী আহম্মেদের ছেলে। পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, উপজেলার ধাওয়া এলাকার আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় নাহিদ মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত