সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া টেকনাফ মডেল থানার সাবেক কনস্টেবল রুবেল শর্মার সাত দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আদালতের কাছে হস্তান্তর করা হয়। পরে আদালতের নির্দেশে রুবেল শর্মাকে কারাগারে পাঠানো হয়।
সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম জানান, রুবেল শর্মার ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়নি। সাত দিনের রিমান্ড শেষ হওয়ায় তাকে আদালতে হস্তান্তর করা হয়। তবে সাত দিনের রিমান্ডে তার কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
সিনহা হত্যা মামলার ১৪ আসামির মধ্যে সর্বশেষ আসামি হিসেবে রুবেল শর্মার নাম যুক্ত করা হয়। গত ১৪ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। রুবেল শর্মা কারাগারে থাকা টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের বিভিন্ন অপকর্মের অন্যতম সহযোগী ছিলেন বলে জনশ্রুতি রয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ (টেকনাফ)-এর বিচারক তামান্না ফারাহ রুবেল শর্মার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ অক্টোবর তাকে রিমান্ড হেফাজতে নেওয়া হয়।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় এপিবিএনের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। পরে আরও পাঁচজনকে মামলার আসামি হিসেবে সংযুক্ত করা হয়।
