আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানা গেছে।
স্বজনরা জানান, বুধবার থেকে মোশাররফ হোসেনের সামান্য জ্বর ছিল। বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিস (বিআইটিআইডি)-এ তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে।
