আজ বসছে পদ্মা সেতুর ৩২তম স্প্যান

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০১:৪৮ এএম

আজ শনিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসতে যাচ্ছে। সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের ওপর এ স্প্যান বসানো হবে। এর মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ৮০০ মিটার অর্থাৎ পৌনে ৫ কিলোমিটার দৃশ্যমান হতে যাচ্ছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ওয়ান-ডি নামে ৩২তম স্প্যানটি নিয়ে আজ সকালে রওনা হবে ভাসমান ক্রেন। এরপর সংশ্লিষ্ট প্রকৌশলীরা স্প্যানটি নির্ধারিত পিলারের ওপর বসাবেন। এর আগে চলতি বছর ১০ জুন পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানো হয়। ওই প্রকৌশলী জানান, সেতুর মোট ২ হাজার ৯১৭টি রোডওয়ে সø্যাবের মধ্যে ৮৭০টি, ২ হাজার ৯৫৯ রেল স্ল্যাবের মধ্যে ১ হাজার ৪০০টি এবং ৪৩৮টি ভায়াডাক্ট গার্ডারের মধ্যে ১৯৫টি স্থাপন করা হয়েছে। মূল সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্থাপন করা হয়েছে। অবশিষ্ট ১০টি স্প্যান মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে রয়েছে। যার মধ্যে সব কয়টি তৈরি সম্পন্ন হয়েছে। ডিসেম্বর এর মধ্যে সব স্প্যান স্থাপন সম্ভব হবে বলে আশা করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত