নোয়াখালীর হাতিয়ায় সিলিং ফ্যান মাথায় পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন ও প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিক উপজেলা পরিষদ হলরুমে বিশ্ব ডিম দিবসের আলোচনা সভা চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
পরে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে বাসায় পাঠিয়ে দেন। ইউএনও ইমরান হোসেন বলেন, ওপরের সিলিংয়ের রড থেকে ফ্যান খুলে পড়লে আমি মাথায় সামান্য আঘাত পাই। প্রাণিসম্পদ কর্মকর্তা ফখরুল ইসলাম মাথায় ও গলায় আঘাত পেয়েছেন। দুজনই ডাক্তারের পরামর্শে বাসায় আছি।
তিনি জানান, উপজেলা পরিষদের মূল ভবনটি দীর্ঘদিনের পুরাতন। এ ভবনের অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে। একইভাবে পুরাতন ইলেকট্রিক যন্ত্রপাতিতেও দেখা দিয়েছে ত্রুটি।
