ঢাকাসহ দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ সাতজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ঢাকার নবাবগঞ্জে কভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া ঠাকুগাঁওয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী, মাগুরায় ইঞ্জিনচালিত অটোভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্য ও সিলেটে যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরেÑ
ঢাকা : নবাবগঞ্জে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার টিকরপুর এন-মল্লিক পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা য়ায়নি। তবে তাদের আনুমানিক বয়স ৩০-৪০ বছর হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নবাবগঞ্জ সদরের দিকে দ্রুত গতিতে মোটরসাইকেলে করে যাচ্ছিল দুই যুবক। এসময় বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঠাকুরগাঁও : সদর উপজেলার গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. সিদ্দিক (৩৪) ও সুমন আলী (৩২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে রানীগঞ্জ-পাটিয়াডাঙ্গী সড়কের নামাজপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিদ্দিক উপজেলার উত্তর বঠিনা নতুনপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে ও সুমন আলী একই এলাকার কাবেদ আলীর ছেলে।
রাজাগাঁও ইউপি সদস্য বাদশা বাসেদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সিদ্দিক ও সুমন। পথে রানীগঞ্জ-পাটিয়াডাঙ্গী সড়কের নামাজপড়া এলাকায় মোড় ঘোরাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেন।
মাগুরা : শ্রীপুর উপজেলায় ইঞ্জিনচালিত অটোভ্যানের ধাক্কায় নাহিদ হাসান দিপ্ত (৩৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার দুরাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাহিদ উপজেলার গোয়ালদহ গ্রামের নবুয়ত হোসেনের ছেলে। তিনি ঢাকায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।
শ্রীপুর থানার (ওসি) আলী আহমেদ মাসুদ জানান, রাজবাড়ী জেলার একটি বিয়েবাড়িতে অংশ নিতে গতকাল দুপুর ১টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন নাহিদ। পথে দুরাননগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
সিলেট : সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাস উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারের অতিরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন জানান, শেরপুর থেকে সিলেটগামী একটি বাস অতিরবাড়ি এলাকায় পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে খুলে যায়। এতে বাসটি উল্টে যাত্রীরা চাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক কিশোরী ও এক যুবকের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
