অর্থমন্ত্রীর বিবৃতি

বিশ্বব্যাংকের পূর্বাভাস অর্থনীতির উত্তরণের সঙ্গে সামঞ্জস্যহীন

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০২:১৪ এএম

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার নিয়ে বিশ^ব্যাংকের পূর্বাভাস অর্থনীতির বর্তমান উত্তরণের সঙ্গে সামঞ্জস্যহীন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, বিশ^ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান। তারা যখন কোনো দেশ সম্পর্কে বা কোনো বিষয় নিয়ে তথ্য উপস্থাপন করে, সংগত কারণেই এটি সবাইকে প্রভাবিত করতে পারে। গত বৃহস্পতিবার বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার (জিডিপি) নিয়ে বিশ^ব্যাংক যে পূর্বাভাস দিয়েছে তা বাংলাদেশের অর্থনীতির বর্তমান উত্তরণের সঙ্গে সামঞ্জস্যহীন। গতকাল শুক্রবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রী বলেন, আমাদের জিডিপি সম্পর্কে তারা (বিশ^ব্যাংক) এবার যে নম্বরগুলো বলেছে, সেগুলো করোনার প্রভাবে অর্থনীতির স্বাভাবিক গতি শ্লথ হওয়ার শুরু থেকেই বলে আসছে। সেই একই জায়গায় তারা এখনো আছে। আমাদের অর্থবছরের তিন মাস পার হয়ে গেছে, এখনো নয় মাস সময় আছে। করোনার প্রভাবে যে শ্লথ গতি অর্থনীতিতে তৈরি হয়েছিল, সেটি এখন অনেকটাই স্বাভাবিক।

বিজ্ঞপ্তিতে অর্থমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য ও মহামারী পরিচালন ব্যবস্থার ওপর উল্লেখযোগ্য চাপ সত্ত্বেও সরকারের উপযুক্ত অর্থনৈতিক প্রণোদনা ও সামাজিক সুরক্ষাব্যবস্থা অর্থনীতিকে সুসংহত করেছে, দরিদ্র ও দুর্বলদের জন্য মৌলিক সেবা ও পণ্যাদি নিশ্চিত করেছে।

গত বৃহস্পতিবার প্রকাশিত ‘বিশ^ব্যাংকের দক্ষিণ এশিয়া ইকোনমিক ফোকাস’ প্রতিবেদনের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, অভ্যন্তরীণ বেসরকারি-সরকারি ব্যয়, বিনিয়োগ, রপ্তানি এবং রেমিট্যান্সসহ অর্থনীতির প্রায় সব খাত বেশ সক্ষম অবস্থানে রয়েছে। বিশ^ব্যাংকের ওই প্রতিবেদনে বাংলাদেশের জিডিপিতে চলতি ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৪ শতাংশ। করোনা মহামারীর প্রভাবে দক্ষিণ এশিয়া নজিরবিহীন অর্থনৈতিক মন্দা পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

জিডিপি নিয়ে করা প্রতিবেদন প্রসঙ্গে মুস্তফা কামাল আরও বলেন, আমরা সবাই জানি যে তাদের (বিশ^ব্যাংক) প্রক্ষেপণের বৈশিষ্ট্যই হলো অত্যন্ত রক্ষণশীল পদ্ধতি। বিশ^ব্যাংকের এযাবৎকালের সব প্রক্ষেপণ যদি কেউ একটি তালিকা করে তাহলে দেখা যাবে, তারা যে প্রক্ষেপণগুলো করে তা বাস্তবতা থেকে অনেক দূরে। আমরা বিশ^াস করি, তারা এবারও সেই গতানুগতিক ধারার একটি বিবৃতি প্রকাশ করেছে। আমরা আমাদের সক্ষমতার নিরিখে লক্ষ্যমাত্রা নির্ধারণ করি এবং তা অর্জন করি। অর্জন করে বারবার প্রমাণ করতে হয়, আমরাই সঠিক। এবারও আমরা কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জন করে প্রমাণ করব যে আমাদের লক্ষ্যমাত্রাই সঠিক।

অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স বাড়লেও এটি সাময়িক মনে করছেন অনেকে। বৈধপথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করার জন্য আমরা যখন প্রণোদনার ব্যবস্থা করেছি, তখন অনেকেই বলেছিল, রেমিট্যান্সের কোনো প্রভাব পড়বে না। কিন্তু বাস্তবতা হলো, প্রণোদনার ফলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তথাকথিত বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, প্রবাসী আয় বেড়েছে, কারণ করোনার কারণে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে আমার ভাইবোনেরা ফিরে আসছেন, তারা সবকিছু বিক্রি করে চলে এসেছেন, কাজেই এই প্রবৃদ্ধি। কিন্তু তারা হয়তো ভুলে গেছেন, ২ শতাংশ নগদ প্রণোদনা এবং রেমিট্যান্স পাঠানোর নিয়মকানুন সহজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের কথা। করোনা আসার আগে থেকেই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে অর্থ পাঠানোর পরিমাণ বাড়িয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ২০১৯-২০ অর্থবছরের শুরু থেকেই, যখন করোনা ছিল না, রেমিট্যান্স প্রবাহে ছিল ঊর্ধ্বগতি, তাই আগামীতে এ ধারা অব্যাহত না-ও থাকতে পারে এমন ভাবনা যৌক্তিক নয়।

মন্ত্রী বলেন, ২০১১ সালে বিশ^কাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্কের মধ্যেই আহ্বান জানিয়েছিলাম, ‘ও পৃথিবী, এবার এসে বাংলাদেশ নাও চিনে। ও পৃথিবী, তোমায় জানাই স্বাগত এই দিনে।’ বাংলাদেশের সক্ষমতা ও অর্জন নিয়ে বিদ্যমান বিতর্ক দেখে এখনো আবার সংশ্লিষ্টদের বলতে ইচ্ছা করে, ‘আসুন, চিনে নিন এক অন্য রকম নতুন বাংলাদেশ।’

দেশবাসীর উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, বারবার আমরা বলেছি, এ দেশের জনগণ এ দেশের অর্থনীতির প্রাণশক্তি, তারাই আবার প্রমাণ করবে যে বিশ^ব্যাংক যে প্রক্ষেপণ করেছে তা সামঞ্জস্যহীন। সাহসী বাঙালি জাতি অতীতেও বারবার প্রমাণ করেছে, এবারও করবে। আমরা সবাই অবগত যে, আমরা সব বাধাবিপত্তি উপেক্ষা করে নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে পদ্মা সেতু তৈরি করছি। প্রধানমন্ত্রী দেশের মানুষকে বিশ^াস করে দেশের মানুষের জন্য তিনি বাজেটে প্রবৃদ্ধির যে প্রক্ষেপণ বা রূপরেখা দিয়েছেন, আমরা বিশ্বাস করি সবাই মিলে আমরা তা অর্জন করতে সক্ষম হব।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, গত ১০ বছর বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধিতে সবার ওপরে ছিল, আমরা আত্মপ্রত্যয়ী যে ভবিষ্যতেও সে ধারা বজায় থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত