বিশ্বের অন্যতম জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মিম অভিনীত চলচ্চিত্র ‘ব্ল্যাক’। রাজা চন্দ্র পরিচালিত এই চলচ্চিত্রটিতে মিমের বিপরীতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।
নেটফ্লিক্সে মুক্তি পাওয়া বাংলাদেশি ছবিগুলোর মধ্যে এটি তৃতীয়। এর আগে বাংলাদেশের ‘কমলা রকেট’, ‘ইতি তোমারই ঢাকা’ ছবি দুটি মুক্তি পায়।
সিনেমা হলে ‘ব্ল্যাক’ মুক্তির ৫ বছর পর চলচ্চিত্রটি নেটফ্লিক্সে মুক্তি পেল। এমন ঘটনায় বেশ উচ্ছ্বসিত মিম। দেশ রূপান্তরকে মিম বলেন, ‘সকাল থেকেই প্রচুর ফোন পাচ্ছি। অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছেন। খবরটা জেনে আমার নিজেরও অনেক ভালো লেগেছে। এটা আমার জন্য সত্যিই আনন্দের বিষয়।’
উল্লেখ্য, যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি ২০১৫ সালের নভেম্বরে প্রথমে ভারতের পশ্চিমবঙ্গ ও ডিসেম্বরে বাংলাদেশে মুক্তি পায়।
এই চলচ্চিত্রে মিম ও সোহম ছাড়াও আরও অভিনয় করেন, অমিত হাসান, আশিষ বিদ্যার্থী, রজতাভ দত্ত প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ভায়াকম মোশন পিকচার্স ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া।
