ফ্রেঞ্চ ওপেনে নতুন চ্যাম্পিয়ন

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০৩:০৭ এএম

গ্র্যান্ড স্ল্যামে পোল্যান্ডের পতাকা ওড়ালেন ইগা স্যুয়াতেক। নতুন চ্যাম্পিয়ন পেল ফ্রেঞ্চ ওপেন। গতকাল রোলাঁ গ্যারোঁর ফাইনালে চতুর্থ বাছাই সোফিয়া কেনিনকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে ক্লে-কোর্টের সর্বোচ্চ আসরের নারী এককের শিরোপা জিতেছেন এই পোলিশ। ফ্রেঞ্চ ওপেনে ৩০ বছরের মধ্যে সবকনিষ্ঠ নারী চ্যাম্পিয়ন তিনি। মাত্র ১৬ বছর ৬ মাস বয়সে ১৯৯০-এর ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন মনিকা সেলেস। স্যুয়াতেকের বয়স ১৯। জয়ের আনন্দ প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছিলেন না স্যুয়াতেক, ‘বুঝতে পারছি না ভেতরে কী হচ্ছে। আমি খুব খুশি। দুবছর আগে আমি জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলাম। সেখান থেকে এখন আমি এই পর্যায়ে। খুব কম সময়েই হলো, তাই ভীষণ আনন্দিত আমি।’ প্রথম সেটটিতে কেনিন বেশ লড়াই করলেও দ্বিতীয়টিতে তাকে দাঁড়াতেই দেননি সুয়্যাতেক। প্রথমটি জিততে ৫০ মিনিট লাগলেও পরেরটি তিনি জিতেছেন মাত্র ২১ মিনিটে। বিশ্ব র‌্যাংকিংয়ের ৫৪ নম্বর স্যুয়াতেক ৭ ম্যাচে মাত্র ২৮টি গেম হারিয়েছেন। যা ১৯৮৮ সালে স্টেফি গ্রাফের পর সবচেয়ে কম। এই টুর্নামেন্টের আগে যার মোট আয় ছিল ১১ লাখ ডলার, প্যারিস থেকে তিনি জিতে নিয়ে যাচ্ছেন ১৯ লাখ ডলার!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত