মেগা মোটরসের ৯১ লাখ টাকা আত্মসাৎ মামলায় ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে আজ রবিবার চট্টগ্রামের আদালতে হাজির করা হচ্ছে। গতকাল শনিবার বিকেলে তাকে চট্টগ্রাম কারাগারে নেওয়া হয়। গাড়ির যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান ‘মেগা মোটরস’-এর মামলায় তাকে ‘শ্যোন এরেস্ট’ দেখাতে আদালতে হাজির করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। ঢাকায় দুইশ সিএনজি অটোরিকশার রুট পারমিট নিয়ে দেওয়ার আশ্বাসে মেগা মোটরসের ৯১ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নগরীর ডবলমুরিং থানায় এ মামলা করেন ওই প্রতিষ্ঠানের কর্মী সাইফুদ্দিন।
মামলার তদন্ত কর্মকর্তা সিএমপির ডবলমুরিং থানার এসআই মুস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, করোনার চিকিৎসা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর এ মামলায় সাহেদ করিমকে শ্যোন এরেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন জানানো হয়েছিল। আবেদনের ওপর শুনানির জন্য আদালত রবিবার (১১ অক্টোবর) তারিখ নির্ধারণ করে।
মেগা মোটরসের আমদানি করা দুইশ’ সিএনজি অটোরিকশার ঢাকায় রুট পারমিট করে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ২০১৭ সালে ওই প্রতিষ্ঠানের মালিক জিয়াউদ্দিন জাহাঙ্গীরের কাছ থেকে ৯১ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেন সাহেদ। পরবর্তীকালে রুট পারমিট করে দিতে না পারায় টাকা ফেরত চাইলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেন সাহেদ। চলতি বছর ১৩ জুলাই সিএমপির ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
