মায়ের কোলে ফিরল বিক্রি হওয়া নবজাতক

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০৩:৫৪ এএম

জন্মের পরদিনই নবজাতক ছেলেকে বিক্রি করে ধার পরিশোধ করা হাসিনা বেগমকে (৩৫) তার সন্তান ফিরিয়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে দত্তক দেওয়া নবজাতককে উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ। পরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক হরিদাস গ্রামে গিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী মা হাসিনার কোলে নবজাতককে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

এর আগে গত মঙ্গলবার হাসিনা একটি ছেলে সন্তান প্রসব করেন। পরদিন বুধবার সেই নবজাতককে ২০ হাজার টাকার বিনিময়ে ধার পরিশোধ করার জন্য কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করেন। হাসিনা আদিতমারী উপজেলার তালুক হরিদাস গ্রামের জোকতার আলীর স্ত্রী।

সন্তান ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হাসিনা বলেন, ‘এখন আমার খুব ভালো লাগছে।’ ইউএনও মনসুর উদ্দিন গতকাল শনিবার দেশ রূপান্তরকে বলেন, সমাজকল্যাণমন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশনায় হাসিনা বেগমের ছেলেকে উদ্ধার করে শুক্রবার রাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া হাসিনা বেগমকে রবিবার উপজেলা সমাজসেবা অফিস থেকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়া হবে। আর্থিক সহযোগিতা ছাড়াও সরকারিভাবে তাকে একটি বাড়ি করে দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত