ধর্ষণ রোধে শাস্তির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সরকারের অবস্থান অত্যন্ত কঠোর হলেও কোথাও কোথাও কিছু দুষ্কৃতকারী অপকর্ম করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভায় ধর্ষণের ব্যাপারে কঠোর শাস্তির বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাব আসছে। তবে আন্দোলনের নামে কোনো ধরনের অস্থিরতা ও সন্ত্রাস সৃষ্টির অপপ্রয়াস সরকার কঠোর হস্তে দমন করবে। গতকাল শনিবার আওয়ামী লীগ গাজীপুর শাখার বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্যে এসব কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে যুক্ত হন।
দলীয় নেতাকর্মীদের অপরাধী-সন্ত্রাসী এবং মাদকসেবীদের দলে ঠাঁই না দেওয়ার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দলের কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। অপরাধের সঙ্গে জড়িত কেউ যেন কমিটিতে ঠাঁই না পায়। খারাপ লোকদের দিয়ে দল ভারী করা যাবে না।’
শান্তিপূর্ণ আন্দোলনকে স্বার্থান্বেষী রাজনৈতিক গোষ্ঠী সহিংস করার অপচেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘যারা ষড়যন্ত্রকারী, গুজব রটনাকারী তাদের চিহ্নিত করার কাজ চলছে। আন্দোলনের নামে কোনো ধরনের অস্থিরতা ও সন্ত্রাস সৃষ্টির অপপ্রয়াস জনস্বার্থে সরকার কঠোর হস্তে দমন করবে।’
