এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ

টিলাগড়কে গডফাদারমুক্ত করার দাবিতে লাল নিশান

আপডেট : ১১ অক্টোবর ২০২০, ০৪:৩৬ এএম

ঐতিহ্যবাহী এমসি কলেজ, সিলেট কৃষি বিশ্বদ্যিালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট নগরীর টিলাগড়ে। এই এলাকা সিলেটে শিক্ষা অঞ্চল হিসেবে পরিচিত, তবে এই এলাকা এখন হয়ে উঠেছে সন্ত্রাসী ও দুর্বৃত্তদের অভায়রণ্য। একের পর এক সংঘাত, খুনাখুনি, সন্ত্রাস, চাঁদাবাজির ঘটনা এই এলাকায় ঘটছে হরহামেশা। গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক তরুণী। এ অবস্থায় টিলাগড়কে সন্ত্রাস ও গডফাদারমুক্ত করার দাবিতে সেখানে লাল নিশান উড়িয়েছে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’ নামের নাগরিক সংগঠন।

গতকাল শনিবার বিকেলে টিলাগড়ের এমসি কলেজের প্রধান ফটকের সামনে লাল নিশান উড়িয়ে ‘বিপজ্জনক’ হয়ে ওঠা এই এলাকার সন্ত্রাসী ও গডফাদারদের হটিয়ে শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষের জন্য নিরাপদ করার দাবি জানানো হয়েছে। বিকেলে টিলাগড় পয়েন্ট থেকে মিছিল সহকারে গিয়ে এমসি কলেজের মূল ফটকের সামনে লাশ নিশান উড্ডয়ন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, এমসি কলেজ দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রাকৃতিক সৌন্দর্যের কারণেও এটি বিখ্যাত। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি নানা স্থান থেকে দর্শনার্থী-পর্যটকরা আসবেন। সবার জন্যই এটি উন্মুক্ত ও অবারিত থাকা উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই প্রতিষ্ঠানটি সন্ত্রাসী ও দুর্বৃত্তদের অভয়রাণ্য হয়ে উঠেছে। কেউ কলেজে ঘুরতে এলেই তাকে হয়রানি করা হয়, যৌন নিপীড়ন করা হয়। ছিনতাইয়ের শিকারও হন অনেকে। কেবল এমসি কলেজে নয়, পুরো টিলাগড় এলাকাতে অপরাধীরা তাদের রাজত্ব কায়েম করেছে। কতিপয় গডফাদারের আশ্রয়ে এই অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’-এর সংগঠক আব্দুল করিম কিম, আশরাফুল কবির, দেবাশীষ দেবু, দেবব্রত চৌধুরী লিটন, বিমান তালুকদার, নিরঞ্জন সরকার অপু, প্রলয় দেব, রাজীব রাসেল, অদিতি দাশ, হিতাংশু কর বাবু, সঞ্জয় দাশ, ইয়াকুব আলী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত