ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ঢাকাসহ ৪৫টি জেলায় একযোগে প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষণের মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তির দাবি জানান।
নতুন কর্মসূচির ঘোষণায় গোলাম কুদ্দুছ বলেন, ‘প্রতি শনিবার বিকেলে সারা দেশে সাংস্কৃতিক জোটের উদ্যোগে ধর্ষণ ও নির্যাতনবিরোধী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হবে এ অনুষ্ঠান।’
সংস্কৃতিকর্মী সাফিয়া খন্দকারের আবৃত্তিতে ‘শোন মেয়ে তুই মানুষ হয়ে দাঁড়া, সমাজে পড়ুক সাড়া’ কবিতার মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। পরে বক্তব্যে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার বলেন, ‘নিপীড়নের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হচ্ছে, এটা আশার আলো দেখায়। রাষ্ট্রকে জনগণের ভাষা বুঝতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনগণকে শিক্ষা-সংস্কৃতির মধ্য দিয়ে আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’
সাংবাদিক আবেদ খান বলেন, ‘এদেশে মানবিক মূল্যবোধকে ধর্ষণ করা হয়েছে বলেই এখন আমরা ’৭১-কে খুঁজে পাই না। ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এর থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’
পথ নাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াসের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, সহসভাপতি ঝুনা চৌধুরী, মানজার হাসান চৌধুরী সুইট, ড. মোহাম্মদ বারী, ত্রপা মজুমদার প্রমুখ।
শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের সড়ক অবরোধ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আসামিদের গ্রেপ্তার দাবিতে গতকাল শাহবাগে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে নুরদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়।
সমাবেশে বক্তারা ধর্ষকদের বাঁচাতে মৌলবাদী অপশক্তির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ, মুজিব কোটে আগুন, প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো ও কটূক্তিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।
মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘এমসি কলেজ, বেগমগঞ্জসহ সব ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের আসামি কাউকে গ্রেপ্তার করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে।’
এদিকে নোয়াখালী সংবাদদাতা জানিয়েছেন, নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ছড়ানোর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল শহরের মাইজদীর পাবলিক লাইব্রেরি চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বিকেলে শহরের প্রেস ক্লাবের মুজিব সড়কে এ কর্মসূচি হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, ‘ধর্ষক ও নিপীড়কদের অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। তবে এ ইস্যুতে কাউকে ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ দেওয়া হবে না।’
