দেশে প্রথম হাইড্রোলিক এলিভেটর বাঁধ উদ্বোধন

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১২:৩৮ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ভরাশঙ্খ খালে নির্মিত দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর বাঁধ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বাঁধটি উদ্বোধন করেন।

এ উপলক্ষে বরুমচড়া ভরাশঙ্খ খালের বাঁধসংলগ্ন মাঠে ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মহামারীর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে সরকার দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে। আমাদের কোনো খাদ্য ঘাটতি নেই এবং হবেও না। তবে আমাদের কৃষি উৎপাদন চালিয়ে যেতে হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি বলেন, ‘এই ভরাশঙ্খ খালের এইচডি বাঁধের প্রতিটি ফোঁটা যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই পানিতে কৃষকের মুখে যে হাসি ফুটেছে, তাতে আমরা বেঁচে থাকব। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন।’

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান সায়েদুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান, ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী। বিএডিসির সদস্য পরিচালক (ক্ষুদ্র সেচ) মো. আরিফ এতে স্বাগত বক্তব্য দেন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের তত্ত্বাবধানে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে উপজেলার বরুমচড়া ও বারখাইন ইউনিয়নের মাঝখানে ভরাশঙ্খ খালে এ বাঁধ নির্মিত হয়েছে। সাধারণ রাবার বাঁধে ব্যাগ ব্যবহার করা হলেও এইচডি বাঁধে লোহার প্যানেল ব্যবহৃত হবে, যা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ হবে। ফলে খাল দিয়ে লবণাক্ত পানি প্রবেশ করতে পারবে না। পাশাপাশি সারা বছর মিঠাপানি আটকে রাখা যাবে খালে। বাড়বে কৃষি উৎপাদনও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত