১০০ কেজি বাড়ানোর চ্যালেঞ্জ ভিকির

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১২:৫০ এএম

বলিউডে এই প্রজন্মের অন্যতম মেধাবী অভিনেতা ভিকি কৌশলের হাতে এখন দারুণ দারুণ ছবি। নিজেকে ব্যতিক্রমী সব চরিত্রে আবিষ্কার করার সুবর্ণ সময় তার। ভিকির হাতে রয়েছে সুজিত সরকারের ‘শহীদ উধম সিং’, ‘ফিল্ড মার্শাল শ্যাম মানিকশ’র বায়োপিক এবং করণ জোহরের ‘তখত’-এর মতো দুর্দান্ত আর বিশাল বাজেটের সব প্রজেক্ট। এই মুহূর্তে ভিকি ব্যস্ত ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ নিয়ে। ছবিতে তাকে মহাভারতের অমর যোদ্ধা অশ্বত্থামার চরিত্রে দেখা যাবে। ২০২১ সালের এপ্রিল মাসে ছবিটির শ্যুটিং শুরু হবে। এ ছবিতে অশত্থামাকে আধুনিক যুগের সুপারহিরো হিসেবে দেখানো হবে। আগামী বছর ছবির শ্যুটিং শুরু হলেও এখনই প্রস্তুতি নিতে শুরু করেছেন ভিকি। কারণ, এই বলিউড তারকাকে চরিত্রের প্রয়োজনে ১০০ কেজির বেশি ওজন বাড়াতে হবে! এ জন্য এক বিশেষ খাদ্যতালিকা মেনে খাবার খাচ্ছেন তিনি। ডায়েটে এমন সব খাদ্য রাখা হয়েছে, যা ওজন বাড়াতে সাহায্য করবে। শুধু খাওয়া নয়, ছবির জন্য আরও অনেক কিছু করতে হচ্ছে ভিকিকে। সেগুলোর মধ্যে রয়েছে বিশেষ ধরনের শরীরচর্চা, ঘোড়া চালানোর প্রশিক্ষণ এবং দুই ধরনের মার্শাল আর্ট, জুজুৎসু ও ক্রভ মাগা শেখা। এত দিনে ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ ছবির শুটিং শুরু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে কিছুই এগোয়নি। তবে লকডাউন শিথিল হতেই ভিকি ‘অশ্বত্থামা’র মতো মহান যোদ্ধা হয়ে ওঠার জন্য পুরোদমে প্রস্তুতি নিতে শুরু করেছেন। ছবিটি পরিচালনা করছেন আদিত্য ধর। এর আগে আদিত্য আর ভিকি সুপারহিট ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এ সিনেমাই তাকে অল্প বয়সে এনে দিয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছবিটির শুটিং শুরু হবে ইউরোপে আর শেষ হবে মুম্বাইয়ে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ইংল্যান্ড, টোকিও, নিউজিল্যান্ড, নামিবিয়াসহ নানা দেশ ঘুরে এ ছবির শ্যুটিং হবে।

চরিত্রের প্রয়োজনে নিজের শরীরকে ভাঙচুর করা বলিউডে নতুন কিছু নয়। চরিত্রের মতো হয়ে উঠতে কেউ নিজের ওজন বাড়ান, কেউ কমান। এর আগে ভূমি পেডনেকার ‘দম লাগাকে হ্যায়সা’ সিনেমার সন্ধ্যা চরিত্রের জন্য দ্বিগুণ ওজন বাড়িয়েছিলেন, ‘দঙ্গল’ ছবির জন্য বাড়িয়েছিলেন আমির খান। এমনকি ‘সুলতান’ ছবিতে সালমান খানের হৃষ্টপুষ্ট ভুঁড়ি দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত