চট্টগ্রামে প্রতারণা মামলা

রিজেন্ট সাহেদ চার দিনের রিমান্ডে

আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৩:৩৮ এএম

মেগা মোটরসের টাকা প্রতারণা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেয়। এর আগে দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে মোহাম্মদ সাহেদকে হাজির করা হয়। গ্রেপ্তার আবেদনের শুনানি শেষে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক।

বাদীপক্ষের আইনজীবী ধীতিমান আইচ বলেন, ডবলমুরিং থানার প্রতারণার মামলায় প্রথমে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আসামি সাহেদ আদালতে বাদীপক্ষের সঙ্গে লেনদেন বিষয়ে স্বীকার করেছেন।

এর আগে গত শনিবার বিকেল সোয়া ৩টায় মোহাম্মদ সাহেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

প্রসঙ্গত, চলতি বছরের ১৩ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় ঢাকায় রুট পারমিট নিয়ে দেওয়ার কথা বলে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ ও তার সহযোগী শহীদুল্লাহর বিরুদ্ধে মামলা করেন নগরীর ধনিয়ালাপাড়ার ‘মেগা মোটরস’ মালিক জিয়াউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে তার চাচাতো ভাই সাইফুদ্দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত