নারী নির্যাতনসহ যেকোনো অপরাধের বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার নারী নির্যাতনসহ যে কোনো অপরাধে কঠোর অবস্থানে রয়েছে। সরকার কোনো অপরাধীকে ছাড় দেবে না, সে যে দলের হোক।
বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বারবার ব্যর্থ চেষ্টা করছে, তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে।
তিনি বলেন, বিএনপি বিগত ১১ বছর ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে, তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন।
ওবায়দুল কাদের বলেন, জণগণের সম্পৃক্ততা যদি কোনো আন্দোলনে না থাকে তাহলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।
শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো প্রকার বাধা দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কিন্তু আন্দোলনের নামে পরিবেশ পরিস্থিতি নষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতুর ৩২তম স্প্যান আজ (গতকাল) সকালে বসানো হয়েছে। এই সেতু এখন ৪ হাজার ৮শ মিটার দৃশ্যমান হয়েছে।
এ সময় বিআরটিসি সদর দপ্তরে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এহছানে এলাহিসহ অন্য কর্মকর্তারা।
