পদ্মা নদীর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের চায়না চ্যানেলে তলা ফেটে বিকল এমভি শাহপরান লঞ্চের ১২০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে চায়না চ্যানেলের কাছে এলে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে পানি উঠতে থাকে। পরে কাঁঠালবাড়ী থেকে অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালের দিকে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাট থেকে এমভি শাহপরান নামে ওই লঞ্চটি ১২০ জন যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়ার উদ্দেশে যাত্রা করে। লঞ্চটি মাঝপদ্মার চ্যানেল অতিক্রম করতে গেলে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এ সময় পানি উঠে ডোবার উপক্রম হয় লঞ্চটি। খবর পেয়ে বিআইডব্লিউটিএ অন্য একটি লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করে শিমুলিয়া ঘাটে পৌঁছে দেয়।
কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই অন্য লঞ্চ দিয়ে যাত্রীদের উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত এক মাসে একইভাবে তিনটি লঞ্চ দুর্ঘটনার কবলে পড়ে।
