খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী প্রোভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রোভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন ডিসিপ্লিনের প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ১৯৭০ সালের ২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালের ১৯ অক্টোবর খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনে রসায়নের প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পরে রসায়ন ডিসিপ্লিন চালু হলে তার পদটি সেখানে স্থানান্তরিত হয়। ২০১০ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রফেসর পদে যোগদান করেন।
×
