তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সুগভীর, বহুমাত্রিক ও রক্তের অক্ষরে লেখা’।
মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ-ভারতের সম্পর্ক অকৃত্রিম ও অতুলনীয়, যার সঙ্গে অন্য কোনো দেশের সম্পর্কের তুলনা চলে না।’
তিনি বলেন, “আমাদের দু’দেশের সম্পর্ক রক্তের অক্ষরে লেখা, কারণ আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের সৈন্যরা রক্ত দিয়েছেন। আমাদের এক কোটি মানুষকে ভারত সরকার আশ্রয় দিয়েছিল। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন ইতিহাসের পাতায় এটি লিপিবদ্ধ থাকবে।’
বৈঠকের ওপর আলোকপাত করে তথ্যমন্ত্রী বলেন, ভারতীয় চলচ্চিত্রকার শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্রটি মুজিববর্ষের মধ্যেই সমাপ্ত করার পরিকল্পনা এবং বাংলাদেশি পরিচালক ও ভারতীয় সহ-পরিচালকের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধের ওপরে যৌথভাবে প্রামাণ্যচিত্র নির্মাণ নিয়ে আমরা আলোচনা করেছি।
ভারতের ত্রিপুরা ও মেঘালয়ে বিটিভি এবং বাংলাদেশের প্রাইভেট টেলিভিশন চ্যানেলগুলো দেখা গেলেও পশ্চিমবঙ্গসহ সমগ্র ভারতে দেখার ব্যবস্থা করা নিয়েও আলোচনা হয়েছে জানান তিনি।
হাছান মাহমুদ বলেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে যাতে উভয় দেশ উপকৃত হয় বিশেষ করে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো যাতে চট্টগ্রাম বন্দর সহজে ব্যবহার করতে পারে, সেখানে সড়ক ও রেল সংযোগ যাতে দ্রুত চালু হয়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় নতুন ভারতীয় হাইকমিশনার খানিক বাংলাও বলতে পারেন বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
