মা ইলিশ সংরক্ষণ অভিযান সকলে মিলে সফল করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ০৮:৫০ পিএম

ইলিশ সম্পদ উন্নয়নে বাধা প্রদানকারী দুর্বৃত্তদের প্রতি ন্যূনতম অনুকম্পা থাকবে না উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সকলে মিলে সফল করতে হবে। কিছু প্রতিকূলতা ও সমস্যা রয়েছে। এ সমস্যা ও প্রতিকূলতা আমাদের সদিচ্ছা ও সৃজনশীলতা দিয়ে অতিক্রম করতে হবে।

তিনি বলেন, মানুষের সচেতনতা বাড়ছে। আইনের প্রয়োগকে আমরা এমন জায়গায় নিয়ে এসেছি যে, দুর্বৃত্ত যারা দেশের উন্নয়নে, মাছের উন্নয়নে বাধা, সে দুর্বৃত্তদের প্রতি আমাদের কোনোরকম অনুকম্পা থাকবে না।

মঙ্গলবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদের পরিচালনায় মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ মো. ইমদাদুল হক ও শ্যামল চন্দ্র কর্মকার উপস্থিত ছিলেন। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বিভাগীয় কমিশনারগণ, নৌপুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, ইলিশ সম্পৃক্ত ৩৬ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারগণ, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালকগণ, ৩৬ জেলার জেলা মৎস্য কর্মকর্তাগণ, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিমানবাহিনী সদর দপ্তরের প্রতিনিধিগণ সভায় অনলাইনে অংশগ্রহণ করেন এবং মতামত প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত